অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হবে তাদের একমাত্র পরিচয়। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই রাষ্ট্রীয় বাহিনীকে যেকোনো অবস্থায় অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বিবেচনায় স্বল্পতম সময়ে বিশেষ ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিককে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। সাধারণত এ ধরনের প্রশিক্ষণ দীর্ঘমেয়াদি হলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষক সহায়তায় রেকর্ড সময়ে এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি একে আনসার বাহিনীর ইতিহাসে নজিরবিহীন সাফল্য হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান— রাষ্ট্রের প্রতিটি সংকটময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে।
পার্বত্য অঞ্চলে দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন ও হিল আনসার–ভিডিপি সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার একটি গৌরবময় ঐতিহ্য এই বাহিনীর রয়েছে।